ইরানের সাথে চলমান সামরিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে বড় দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, আন্তর্জাতিক এই নৌপথটি এখন শতভাগ মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
সোমবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সহজ করতে সেখানে থাকা সামুদ্রিক মাইনগুলো চিহ্নিত করে তা অপসারণের কাজ চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী।
তিনি বলেন, “হরমুজ প্রণালি এখন উন্মুক্ত।” তবে এই জলপথে এখনও নতুন করে মাইন স্থাপন করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, মার্কিন টেকনিশিয়ান ও নৌবাহিনী সেগুলো নিষ্ক্রিয় করছে। সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ওই এলাকায় যুক্তরাষ্ট্রের ২০টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।
বিশ্বব্যাপী মোট খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় এর নিরাপত্তা আন্তর্জাতিক অর্থনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল।
এদিকে, তেহরানের সাথে ভবিষ্যৎ আলোচনার প্রসঙ্গে ট্রাম্প জানান, ইরানের হামলায় প্রাণ হারানো মার্কিন নাগরিকদের পরিবারগুলোর জন্য তিনি ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবেন। এর আগে ইরান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধের কারণে ক্ষতিপূরণ দাবি করায় তিনি এই পাল্টা অবস্থান নেন।
অন্যদিকে, সমুদ্রপথটি পুরোপুরি খুলে দেওয়ার জন্য ইরানও পাল্টা শর্ত জুড়ে দিয়েছে। তেহরানের দাবি—যুক্তরাষ্ট্রকে অবিলম্বে সমুদ্র অবরোধ তুলে নিতে হবে এবং ইরানের ওপর আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ফলে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ সচল করা নিয়ে দুই দেশের মধ্যকার তীব্র দ্বিমত এখনও বহাল রয়েছে।
