সোমবার, আগস্ট ১৭

লিবিয়া থেকে সমুদ্রপথে অবৈধভাবে গ্রিসে প্রবেশের চেষ্টা করার সময় দিকভ্রষ্ট হয়ে ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় ৯ জন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৯ জন বাংলাদেশিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে মিসরের মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস সূত্র রোববার (১৬ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস ও স্থানীয় সূত্রে জানা যায়, মানবপাচারকারী চক্রের মাধ্যমে ৩৮ জন বাংলাদেশি এবং ৪ জন সুদানিসহ মোট ৪২ জনের একটি দল গত ৩ আগস্ট লিবিয়ার তবরুক উপকূল থেকে একটি ইঞ্জিনচালিত রাবারের নৌকায় যাত্রা শুরু করে। নেভিগেশন সুবিধা বা দিকনির্ণয় যন্ত্র না থাকা এবং মাঝপথে জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে নৌকাটি সমুদ্রের মাঝে পথ হারিয়ে ফেলে।

পরপর ১০ দিন ভূমধ্যসাগরে ভেসে থাকার পর গত ১৩ আগস্ট নৌকাটি মিসরের মারসা মাতরুহ উপকূলে এসে পৌঁছায়। সমুদ্রের তীব্র রোদ, অতিরিক্ত গরম এবং পর্যাপ্ত খাদ্য ও পানীয় জলের অভাবে ৯ জন বাংলাদেশি এবং ১ জন সুদানি নাগরিকসহ মোট ১০ জন পথিমধ্যে মারা যান। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মৃতদেহে পচন ধরায় বাধ্য হয়ে জীবিত সহযাত্রীরা লাশগুলো সাগরে ভাসিয়ে দেন।

সংবাদ পেয়ে কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জনের অবস্থা গুরুতর হলেও বর্তমানে তারা পর্যবেক্ষণে রয়েছেন। সুস্থ হওয়ার পর মিসরীয় আইনের অধীনে আনুষ্ঠানিকতা শেষ করে তাদের দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় প্রশাসনিক ও কনস্যুলার সহায়তা দিচ্ছে দূতাবাস।

Share.
Leave A Reply Cancel Reply
প্রকাশক : ফোরকান পাহলান
সম্পাদক : ইমরান হোসেন
স্বত্ব © ২০২৬ | দৈনিক 24barta.com
Exit mobile version