নারায়ণগঞ্জের ফতুল্লায় জাহাঙ্গীর আলম জনি (৪১) নামে এক যুবককে জবাই করে ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রক্তমাখা চাপাতি ও ছুরি সহ অভিযুক্ত নিহতের স্ত্রী ফারজানা আক্তার মুন্নি (৪৫)কে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম জনি ঢাকার কদমতলী থানার ঢালকানগর বৈশাখী হাউজিং এলাকার বাসিন্দা। তিনি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বারে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারজানা আক্তার মুন্নির দ্বিতীয় স্বামী ছিলেন নিহত জাহাঙ্গীর আলম জনি। একসময় জনি মুন্নির প্রথম স্বামীর ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। সে সময় মুন্নি ও জনির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় পাঁচ বছর আগে মুন্নি প্রথম স্বামীর সংসার ছেড়ে জনিকে বিয়ে করেন এবং দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলিতে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। তাদের সংসারে দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

