সুপ্রিম কোর্টের আইনজীবী আসলাম মিয়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বিদেশি নাগরিকত্ব, শপথ গ্রহণ ও নিয়োগের সাংবিধানিক বৈধতা যাচাইয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আইনি নোটিশ পাঠিয়েছেন।
আইনি নোটিশের মূল বিষয়বস্তু:
-
প্রাপকবৃন্দ: প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন সচিব, পররাষ্ট্র সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এই নোটিশ পাঠানো হয়।
-
সাংবিধানিক ভিত্তি: সংবিধানে ৫৬, ৬৬ ও ১৪৮ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের আলোকেই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিয়োগ, নাগরিকত্ব ও শপথের বৈধতা যাচাই করতে বলা হয়েছে।
-
নাগরিকত্ব ও আনুগত্যের প্রশ্ন: সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ কিংবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করলে পদে থাকার অযোগ্যতার বিষয় উঠে আসে। এ কারণে সংশ্লিষ্ট দুই ব্যক্তির নাগরিকত্ব গ্রহণ, পাসপোর্ট ধারণ বা তা ত্যাগের ইতিহাস পরীক্ষার দাবি জানানো হয়েছে।
-
শপথ ও আইনি ধারা: সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের আওতায় মন্ত্রীদের শপথের মাধ্যমে দেশের প্রতি অনুগত থাকার কথা উল্লেখ করে দুই মন্ত্রীর পদ গ্রহণের প্রক্রিয়াটি সংবিধানসম্মত হয়েছে কি না তা নিশ্চিত করতে বলা হয়েছে।
নোটিশদাতা আইনজীবী জানান, এটি কোনো চূড়ান্ত অভিযোগ বা রায় নয়, কেবল সাংবিধানিক নিয়ম মেনে যোগ্যতা যাচাইয়ের একটি আহ্বান। আগামী ৭ দিনের মধ্যে জবাব বা বিষয়টি নিষ্পত্তি না হলে তিনি হাইকোর্টে রিটসহ বিচারিক পদক্ষেপ নেবেন।

