মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসের আট যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহতদের মধ্যে বিভিন্ন বয়সী যাত্রী রয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, নিউ গ্রীনলাইন এক্সপ্রেসের বাসটি মাগুরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। দুপুর সোয়া ১টার দিকে পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তের ঢালে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের রেলিংয়ে ধাক্কা খায়। পরে বাসটি ঘুরে গিয়ে উল্টে যায়।
সিসিটিভি ফুটেজেও দুর্ঘটনার দৃশ্য ধরা পড়ে। ফুটেজ অনুযায়ী, বাসটি প্রথমে ডান পাশের রেলিংয়ে আঘাত করে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গিয়ে বিপরীত পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে সড়কে উল্টে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে আহতদের বের করে আনে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়া আহতদের মধ্যে নূর ইসলাম নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক তানজিম তামান্না।

