লক্ষ্মীপুরের রায়পুরে ইতালিপ্রবাসী স্বামীকে তালাক না দিয়েই অন্য এক ব্যক্তিকে বিয়ে করার অভিযোগ উঠেছে চার সন্তানের এক মায়ের বিরুদ্ধে। একই সঙ্গে স্বামীর স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগও করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে এ ঘটনায় রায়পুর থানায় লিখিত অভিযোগ করেন প্রবাসী জাকির হোসেনের বোন মারুফা বেগম। জাকির উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর এলাকার বাসিন্দা। অভিযুক্ত নারীও একই উপজেলার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২২ বছর আগে পারিবারিকভাবে জাকির ও ওই নারীর বিয়ে হয়। তাঁদের চার সন্তান রয়েছে। ২০০৯ সালে স্ত্রী ও সন্তানদের ইতালিতে নিয়ে যান জাকির। সেখানে থাকার সময় মোবাইল ফোনের মাধ্যমে কয়েকজনের সঙ্গে ওই নারীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে বলে অভিযোগ করা হয়। এ নিয়ে তাঁদের দাম্পত্য জীবনে বিরোধ দেখা দেয়।
প্রায় দুই মাস আগে বাবার অসুস্থতার কথা জানিয়ে দুই সন্তানকে নিয়ে ওই নারী দেশে ফেরেন। দেশে আসার পর স্বামীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে। পরে রায়পুরের বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর এলাকার সৌরভ হোসেন চুট্টুকে তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে।
অভিযোগকারী মারুফা বেগমের দাবি, জাকিরকে আইনিভাবে তালাক না দিয়েই ওই নারী অন্য ব্যক্তিকে বিয়ে করেছেন। পাশাপাশি তাঁর ভাইয়ের স্বর্ণালংকার ও প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর পরিবারের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগও করেছেন তিনি।
অভিযোগের বিষয়ে ওই নারী বলেন, ইতালিতে থাকার সময় জাকির তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। সেই কারণে তিনি অন্য একজনকে বিয়ে করেছেন। তবে কোনো অর্থ আত্মসাতের অভিযোগ তিনি অস্বীকার করেন। জাকিরকে তালাক না দিয়েই বিয়ের বিষয়টি তিনি স্বীকার করেছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনাটি নিয়ে থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
