মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক নারীকে জীবিত অবস্থায় চাঁদপুরে পাওয়া গেছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালায় দুই দিন। শেষ পর্যন্ত জীবিত অবস্থায় চাঁদপুর লঞ্চঘাট এলাকায় পাওয়া গেছে তাকে।

নিখোঁজ ওই নারী জাহানারা বেগম (৪৮)। টংগিবাড়ী উপজেলার মিতারা গ্রামের বাসিন্দা তিনি। তিনি মৃত সেন্টু শেখের স্ত্রী। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, গতকাল সোমবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে টংগিবাড়ী ফায়ার স্টেশনে খবর আসে। বলা হয় দিঘিরপাড় ইউনিয়নের মিতারা ঘাটসংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে জাহানারা বেগম নিখোঁজ হয়েছেন।

খবর পেয়ে টংগিবাড়ী ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দলও ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ নারীর সন্ধানে অভিযান চালায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছিল। সে অনুযায়ী আজ মঙ্গলবার সকাল ৮টায় ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযানে যাওয়ার প্রস্তুতি নেয়।

এ সময় জাহানারা বেগমের ছেলে রাব্বি শেখ মোবাইল ফোনে ফায়ার সার্ভিসকে জানান, তার মাকে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় জীবিত অবস্থায় পাওয়া গেছে। বর্তমানে তাকে চাঁদপুর থেকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে এবং তিনি সুস্থ আছেন।

মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, কীভাবে তিনি চাঁদপুরে পৌঁছালেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দলের অভিযান সমাপ্ত ঘোষণা করা হয় এবং সদস্যরা স্টেশনে ফিরে যান।

Share.
Leave A Reply

প্রকাশক : ফোরকান পাহলান
সম্পাদক : ইমরান হোসেন

24Barta

স্বত্ব © ২০২৬ | দৈনিক 24barta.com
Exit mobile version