সরকারি কাজে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দেশীয় ও বৈদেশিক ভ্রমণের বিল পরিশোধ এবং অগ্রিম অর্থ সমন্বয়ের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতেই প্রয়োজনীয় প্রমাণপত্র ছাড়া ভ্রমণ বিল ছাড় না করার এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধান নির্দেশনাসমূহ:
-
প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক: ভ্রমণের বিল দাবির সময় মন্ত্রী বা প্রতিমন্ত্রীর স্বাক্ষর ও সিলযুক্ত বিলের সাথে প্রদেয় টিকিট, আকাশপথের ভ্রমণের ক্ষেত্রে বোর্ডিং পাস, অনুমোদিত সফরসূচি এবং আবাসিক হোটেলের মূল ভাউচার জমা দিতে হবে।
-
বৈদেশিক সফরের শর্তাবলী: আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে সরকারপ্রধান অনুমোদিত সারসংক্ষেপ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অফিস আদেশের কপি যুক্ত করতে হবে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে মুদ্রা বিনিময় হারের বিবরণী এবং অন্যান্য খরচের ভাউচার দাখিল করা বাধ্যতামূলক।
-
সফরের মেয়াদ বৃদ্ধি ও অগ্রিম সমন্বয়: অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি দিন সফরে অবস্থান করতে হলে পুনরায় সরকারের অনুমতি নিতে হবে। সফরের উদ্দেশ্যে অগ্রিম অর্থ গ্রহণ করা হলে সফর শেষের এক মাসের মধ্যে তা সমন্বয় করতে হবে। নির্ধারিত সময়ে অগ্রিম অর্থ সমন্বয়ে ব্যর্থ হলে পরবর্তী সফরের জন্য নতুন কোনো অর্থ বরাদ্দ দেওয়া হবে না।
-
তিন সেট বিল জমা: মূল কপিসহ মোট তিন সেট বিল জমা দিতে হবে এবং সংযুক্ত সব ফটোকপি যথাযথভাবে সত্যায়িত হতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ অনুমোদিত এই নির্দেশনাবলী জারির পর থেকেই কার্যকর করা হয়েছে, যা ২০২৫ সালের ৪ মে জারি করা পূর্বের পরিপত্রটিকে প্রতিস্থাপন করবে।
